বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

বগুড়ায় বৃদ্ধাকে খুন করে ডাকাতি: জড়িতদের গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

বগুড়ায় বৃদ্ধাকে খুন করে ডাকাতি: জড়িতদের গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার দুপচাঁচিয়ায় বৃদ্ধা বিমলা পোদ্দার খুন ও ডাকাতির ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে ভিকটিমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও লুন্ঠিত নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবু জাফর বাংলা এডিশনকে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বাড়িতে ৭-৮ জন মুখোশধারী ডাকাত টিনের চাল কেটে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির দুই ভাই ও তিন বোনকে বেঁধে রেখে অস্ত্রের মুখে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। বাধা দিলে বড় বোন বিমলা পোদ্দার (৬৭) কে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা পালিয়ে যায়।

সংবাদ পাওয়ার পর গোয়েন্দা পুলিশে (ডিবি)'র টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার বারোপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় গ্রামের বাসিন্দা বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক রাজু (২৯),

জেলার কাহালু উপজেলার পোগইল গ্রামের নাজির উদ্দিনের ছেলে ইমরান (৩১), এবং দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাপলা এলাকার হাফিজারের ছেলে আসলাম (২৫)।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, লুন্ঠিত টাকা ও ফোন তাদের সহযোগী এবং ঘটনার মূলহোতা মো. জুয়েল প্রাং (২৬)-এর কাছে আছে। পরে দুপুরে কাহালুর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়েল প্রাংকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১৩ হাজার টাকা ও ভিকটিমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন।

ডিবি জানায়, ধৃত বাহালুল রাজুর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতা মামলাসহ ৪টি, ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি, আসলামের বিরুদ্ধে ১টি চুরি মামলা এবং মূলহোতা জুয়েল প্রাংয়ের বিরুদ্ধে ডাকাতি-চুরিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ডিবির ইনচার্জ রাজু কামাল বলেন, ঘটনার মূলহোতা ও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।



banner close
banner close