বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় টিনের চাল কেটে বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাত দল। এ সময় বাড়ি থেকে কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিমলা পোদ্দার ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন। পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে। এ সময় বিমলা পোদ্দার বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহত বিমলা পোদ্দারের পরিবারের পাঁচ ভাইবোন একসাথে থেকে চাল ও ভুসির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। সবাই অবিবাহিত। এর মধ্যে দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ হওয়ায় বিস্তারিত বর্ণনা দিতে পারছেন না।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। টাকা ও মোবাইল লুটসহ একজন নারীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








