ফেনী সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় সদর থানাধীন পাঁচ গাছিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মো. সেলিমের স্ত্রী ধনু বেগম এবং কক্সবাজার সদরের লাইট হাউজ এলাকার মৃত জাকের হোসেনের স্ত্রী মোছা. নুর নাহার বেগম।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় পেশাদার নারী মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে আটককৃত দুই নারী র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
আটকের পর তাদের সাথে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করা হয়। ব্যাগগুলোর ভেতরে কসটেপ দ্বারা বিশেষ কৌশলে মোড়ানো চারটি বান্ডিল থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে এই গাঁজা ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করতেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দুই লাখ ১০ হাজার টাকা।
আটককৃতদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








