নেত্রকোনার মোহনগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জয় আহম্মেদ (২২) নামে এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে জখম করেছে এক অটোরিকশা চালক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরশহরের থানা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত অটোরিকশাচালক আকাশ মিয়াকে (১৯) আটক করে। তিনি পৌর শহরের মাইলোড়া এলাকার অবুল মিয়ার ছেলে।
আহত জয় আহম্মেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দশধরী (পূর্বপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মোহনগঞ্জে কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জয় আহম্মেদ মালামাল সরবরাহের কাজ শেষ করে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভ্যান রেখে দোকানের সামনে দাঁড়ান। এ সময় একই স্থানে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে আকাশ মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আকাশ ও তার সহযোগীরা জয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত জয়কে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত আকাশ মিয়াকে আটক করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








