মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি পিসিসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৮:৪১

শেয়ার

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি পিসিসিপির
ছবি: বাংলা এডিশন

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আসন্ন বৈঠক স্থগিতের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের নিকট একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি এই দাবি জানায়।

পিসিসিপি জানায়, আগামী ১৯ অক্টোবর রবিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকায় কমিশনের সিদ্ধান্ত একপেশে হওয়ার আশঙ্কা রয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামের বৃহৎ বাঙালি জনগোষ্ঠী ভূমিহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সংগঠনটির দাবি।

স্মারকলিপিতে পিসিসিপি উল্লেখ করে, কমিশনের নয় সদস্যের মধ্যে সাতজনই উপজাতিযার মধ্যে তিনজন সার্কেল চিফ (রাজা), তিনজন জেলা পরিষদ চেয়ারম্যান এবং একজন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান। এই কাঠামোয় বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকায় ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, ভূমি কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ না থাকায় এটি সংবিধান পরিপন্থি ও একপেশে একটি ধারা।

খাগড়াছড়িতে অনুষ্ঠিত এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলামসহ জেলা ও পৌর কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

পিসিসিপি জানায়, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থে তাদের ঘোষিত ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক না করার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, দাবি আদায় না হলে রাজপথে থেকে তারা যে কোনো বৈঠক প্রতিহত করবে।

সংগঠনটি প্রশাসনের প্রতি অনুরোধ জানায়, আগামী ১৯ অক্টোবর রাঙামাটিতে কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।



banner close
banner close