বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও নিখোঁজ যুবক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ০৯:০৬

শেয়ার

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও নিখোঁজ যুবক
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নৌ-পুলিশের ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩০) নামের এক যুবক। ২৪ ঘণ্টা পার হলেও তাঁর কোনো খোঁজ মেলেনি।

শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি এলাকার ইউসুফ খানের ছেলে।

রবিবার সকাল থেকে ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তি তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ ক্রয় করেন। পরে তাঁরা একটি ছোট নৌকায় করে কালাইয়া ইউনিয়নের আলোকি খালের দিকে যাচ্ছিলেন। এ সময় টহলরত নৌ-পুলিশের দেখা পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

পুলিশের নৌকা কাছাকাছি এলে রাসেল খান নদীতে ঝাঁপ দেন। সঙ্গে থাকা দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান, আরেকজনকে মানবিক কারণে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন,“ঘটনার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।”

নৌ-পুলিশের কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নিষিদ্ধ মাছ ধরা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



banner close
banner close