কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কিশোরগঞ্জ পৌরসভাকে “দুর্বল পৌরসভা”হিসেবে আখ্যায়িত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
শনিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে যতগুলো পৌরসভা রয়েছে, তার মধ্যে কিশোরগঞ্জ পৌরসভা একটি দুর্বল পৌরসভা। তবে আমরা সবাই কমিটেড হয়েছি—কিশোরগঞ্জের কোনো রোগী যেন চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। এ লক্ষ্য পূরণে যা যা প্রয়োজন আমরা সম্মিলিতভাবে তা বাস্তবায়নের চেষ্টা করবো।
স্বাস্থ্য সচিব আরও জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাঁচটি আইসিইউ বেড স্থাপন করা হবে। পাশাপাশি শিশুদের জন্য একটি নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা. জাহাঙ্গীর আলম, এবং হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম।
সভায় মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








