যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর গ্রামে একটি নবনির্মিত বাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আফিল পোল্ট্রি ফার্মের পেছনে প্রবাসী মো. রবিউল ইসলামের নবনির্মিত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মাসুদ রানা (২১)। তিনি পেশায় ভ্যানচালক এবং শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে বাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তারা সন্দেহ করে ভেতরে ঢুকে অর্ধগলিত লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা নুর মোহাম্মদ জানান, তার ছেলে মাসুদ রানা গত ৬ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা, তাকে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে। পুলিশ বলছে, সব দিক বিবেচনা করে তদন্ত চলছে।
আরও পড়ুন:








