চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মনির হোসেন নামের একজন নিহত হয়েছে৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী৷ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে৷ সম্পর্কে তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তারা দুজনই চট্টগ্রাম ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি করতো।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় আরাফাত হোটেলের সামনে এই ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন৷
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন জানান, জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগে স্থানীয়রা আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








