বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

আবারো খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২৮

শেয়ার

আবারো খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় ফের খুলে দেয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।

বৃহস্পতিবার বিকেল চারটা থেকে বাঁধের জলকপাট দিয়ে ছয় ইঞ্চি করে পানি ছেড়ে দেয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ৪৬ ফুট মিনস সি লেভেলে এসে বিপৎসীমার উপরে থাকায় বিকেল চারটা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে ছয় ইঞ্চি করে পানি ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।