গাইবান্ধার সুন্দরগঞ্জে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরশহরে এ কর্মসূচি পালিত হয়। পৌরশহরের বাহিরগোলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি হাফেজ খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা রবিউল ইসলাম, মুফতী মোবাশ্বের আহমেদ, সহ-সেক্রেটারি মাওলানা রাফিউল ইসলাম সোহেল, অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ মিয়া, পৌর সভাপতি হাফেজ মাওলানা হারুন অর রশিদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষায় অনতিবিলম্বে পিআর পদ্ধতি চালু করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় কাঠামোয় যুগোপযোগী সংস্কার আনা ছাড়া গণতান্ত্রিক ধারা সুসংহত হবে না। জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করা সময়ের দাবি, কারণ এটি বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় প্রশাসন ও রাজনৈতিক কাঠামোতে স্থিতিশীলতা আসবে।
তাদের বক্তব্যে নেতারা আরও দাবি করেন, দেশে যেসব অপরাধী ও খুনিরা দীর্ঘদিন ধরে বিচারের বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীদের দুঃসাহস বাড়বে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে ন্যায়ভিত্তিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুন:








