কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতনের মামলায় সুলতানা পারভীনের জামিন আবেদনের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত।
২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় তাকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে তাৎক্ষণিকভাবে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর তৎকালীন ডিসি সুলতানা পারভীন ছাড়াও আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
এ ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরে জামিনে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম এবং জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।
আরও পড়ুন:








