মঙ্গলবার

৫ মে, ২০২৬ ২২ বৈশাখ, ১৪৩৩

৫১ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাতে আরকান আর্মিকে চাপ প্রয়োগ বিজিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১০:০০

শেয়ার

৫১ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাতে আরকান আর্মিকে চাপ প্রয়োগ বিজিবির
ছবি: সংগৃহীত

শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটির হাতে বর্তমানে ৫১ জন বাংলাদেশি জেলে জিম্মি আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আনঅফিসিয়ালি যোগাযোগ করে আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করছি, যেনো আর কোনো জেলেকে ধরে নিয়ে যাওয়া না হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবির রামু সেক্টর দপ্তরে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল মহিউদ্দিন মত বিনিময়কালে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে থাকা পুরো সীমান্তের নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতির মধ্যে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও সক্রিয় হয়ে উঠেছে।’

এমন পরিস্থিতিতে সীমান্তে আরাকান আর্মির তৎপরতা বাড়ার কথা জানিয়ে বিজিবির শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা বলেন, ‘নাফ নদীর মোহনাসংলগ্ন কয়েকটি এলাকায় ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কোনো কোনো সময় মিয়ানমার জলসীমার অভ্যন্তর দিয়ে চলাচল করতে হয়।

এ ছাড়া জেলেরা অনেক সময় ভুলবশত মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে যাওয়ায় আরাকান আর্মির হাতে ধরা পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

সেক্টর কমান্ডার বলেন, ‘সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমানা মেনে চলতে হবে, এ ব্যাপারে জেলেদের অবশ্যই সচেতন হতে হবে।’

সীমান্ত সুরক্ষায় মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।



banner close
banner close