মঙ্গলবার

৫ মে, ২০২৬ ২২ বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জে গুদাম থেকে ১২ টন সরকারি চাল উদ্ধার, দুই মালিক পলাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ২৩:১৭

শেয়ার

সিরাজগঞ্জে গুদাম থেকে ১২ টন সরকারি চাল উদ্ধার, দুই মালিক পলাতক
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ১২ মেট্রিক টন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এই অভিযানে গুদাম দুটি সিলগালা করা হয়েছে, তবে গুদামের মালিকরা পলাতক রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেঘাই খাদ্যগুদামের পশ্চিম পাশে রাস্তার সংলগ্ন সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি এবং ৩০ কেজির ৪৪টি বস্তা চাল জব্দ করা হয়। এ ছাড়া, একই এলাকার সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮টি এবং ৩০ কেজির ২২৬টি বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খাঁন হিমেল জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছিল যে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল এই গুদামগুলোতে মজুদ রয়েছে। অভিযানের মাধ্যমে চাল উদ্ধার করে গুদামগুলো সিলগালা করা হয়েছে। পলাতক মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী, এনএসআইয়ের কর্মকর্তা এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারি চালের অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।



banner close
banner close