সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

সহিংসতা হলে নির্বাচন নষ্ট হবে; সমাজকল্যাণ উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৯:৫০

শেয়ার

সহিংসতা হলে নির্বাচন নষ্ট হবে; সমাজকল্যাণ উপদেষ্টা
ছবি: সমাজকল্যাণ উপদেষ্টা। বাংলা এডিশন

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হলে সহিংসতা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, ‘নির্বাচন যদি চান, তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে।’

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়।’

তিনি আরও বলেন, ‘একটা রাষ্ট্র আমরা পেয়েছি যেখানে টাকা ছিল না, সিস্টেম ছিল না। দুর্নীতি বহুস্তরে ছড়িয়ে পড়েছে। মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছে, আবার ধৈর্যও হারাতে শুরু করেছে। মাত্র এক বছরে ধৈর্য হারালে ১৫–১৬ বছরের দুর্নীতি-অনিয়ম কীভাবে দূর করব?’

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই–আগস্টে ঢাকার রাস্তায় জনসমুদ্র দেখে আমার মনে হয়েছিল ফেরেশতা নেমে এসেছে। এ ঢেউ আমাদের কোথায় নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। তবে সময় পাল্টেছে, রাজনীতিকেও পাল্টাতে হবে। রাজনৈতিক দলগুলো মিলে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন দেশের মানুষকে উপহার দেবে—এ প্রত্যাশা করি।’

উক্ত সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।