বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

শৃঙ্খলাভঙ্গের দায়ে জবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বহিষ্কার

জবি প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৯:০৬

শেয়ার

শৃঙ্খলাভঙ্গের দায়ে জবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বহিষ্কার
ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনকে নানা অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের একটি ক্লাস নিয়ে দুইটি ক্লাসের উপস্থিতি প্রদান, ধারাবাহিক মূল্যায়ন নম্বর প্রদানে স্বেচ্ছাচারিতা, শৈথিল্য প্রদর্শনসহ বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্য দপ্তরের কর্মকর্তাদের হুমকি দেওয়া এবং অশালীন ভাষায় কটূক্তি করার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ ধরনের আচরণ ও কার্যকলাপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ৪৪(৬) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং আজ থেকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘অনার্স-মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি নিয়েও তিনি জবি শিক্ষক শিরোনামে ড. ফেরদৌসী খাতুনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন সংগ্রহের সময় তিনি সাংবাদিকের ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।