নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে প্রাইভেটকার চালক সাইদুর রহমানকে গলা কেটে হত্যার ঘটনায় তওহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তওহিদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উত্তর বাহিরমাদি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তওহিদুল ইসলাম ভেড়ামারা থেকে সাইদুর রহমানের প্রাইভেটকার ভাড়া নিয়ে বনপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তাকে হত্যার ঘটনা ঘটে। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের পর তওহিদুলকে গোপালপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তার জবানবন্দি রেকর্ডের আগে এসব জানাতে রাজি হয়নি পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর শান্তিপাড়া এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলসংলগ্ন সড়কের পাশ থেকে সাইদুর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাইদুরের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, প্রাইভেটকার চালক সাইদুর হত্যার ঘটনায় তওহিদুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার জবানবন্দি শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার বিস্তারিত জানাবেন।
আরও পড়ুন:








