মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সদস্য মো. ছালেক হোসেনের বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন দাখিল করেছেন ভুক্তভোগী পরিবার। প্রায় এক সপ্তাহ আগে ভুক্তভোগীসহ স্থানীয় ৩৮২ জনের স্বাক্ষরিত এ গণপিটিশন জেলা আইনজীবী সমিতিতে জমা দেওয়া হয়। অভিযুক্ত ছালেক হোসেন বাল্লা ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত ছামাদ প্রামাণিকের ছেলে।
গণপিটিশনে অভিযোগ করা হয়, আইনজীবী পেশায় আসার পর থেকেই ছালেক হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার অসহায় ও গরিব মানুষের জমি দখল, হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। ভুক্তভোগী মৃত ইউসুফ আলীর পরিবারের দাবি, ছালেক তাদের জমি দখল করে পরিবারের সদস্যদের নামে অন্তত ২৫টি মামলা করেছেন। এসব হয়রানির ফলে ইউসুফ আলী মানসিক রোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ আগে মারা যান। তার মেয়ে সাথী আক্তারের অভিযোগ, বাবার মৃত্যুর তিন দিন পরও তাকে নতুন একটি মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া, পার্শ্ববর্তী সেকেন আলীর ভিটা দখল করে তার ফুফাতো ভাই সেলিমকে দেওয়া, বাধা দেওয়ায় সেকেনের ছেলে মাজেদ আলীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরসহ নানা অভিযোগ উঠেছে। মাজেদ আলীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি সমর্থক ও সাধারণ ভোটাররা বেশি ভুক্তভোগী হয়েছে।
করোরিয়া গ্রামের রিকশাচালক আলালের অভিযোগ, তার নামে তিনটি মিথ্যা মামলা দিয়ে আপোষের নামে ৩০ হাজার টাকা আদায় করা হয়। যুবদল নেতা রিজু চৌধুরীসহ আরও কয়েকজনের অভিযোগ, ছালেক দীর্ঘদিন ধরে অসংখ্য গরিব মানুষের জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানি করে আসছেন।
বাল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাজাহান মিয়া জানান, ছালেকের সাথে প্রতিবেশিদের বিরোধ বহুদিনের, এবং তিনি স্থানীয় শালিশের রায় মানেন না। আইনজীবী হওয়ায় তিনি মামলা পরিচালনায় অর্থ ব্যয় করেন না, কিন্তু অন্যরা ভোগান্তিতে পড়েন।
অভিযুক্ত মো. ছালেক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আমি কোর্টে অভিযোগকারীদের প্রতিপক্ষের পক্ষে মামলা করেছি। আজ আমি নিজেও এলাকায় মানববন্ধন করেছি।”
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান জানান, “ছালেকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তবে গণপিটিশন এখনও হাতে পাইনি। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ২৯ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগে এলাকাবাসী ছালেক হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করে।
আরও পড়ুন:








