চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে অবস্থিত বিএডিসি সার গোডাউনে আজ সোমবার (৪ আগস্ট) সকাল থেকে সার লোড-আনলোড কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। রাজশাহী বিভাগীয় বিএডিসি কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোডাউনের ভিতরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরিস্থিতি অস্থির হয়ে পড়ায় বিএডিসি কর্তৃপক্ষ তখনই গোডাউনের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
ঘটনার পর রোববার (৩ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় বিএডিসির জয়েন্ট ডিরেক্টর (জেডি) জুলফিকার আলী সরেজমিনে গোডাউন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সার লোড-আনলোড কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারের জন্য আনসার বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হয়।
জয়েন্ট ডিরেক্টর জুলফিকার আলী বলেন, “সার গোডাউনের এরিয়া একটি সুরক্ষিত এলাকা। এখানে কেউ মাদকসেবন বা অবৈধভাবে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রহনপুর বিএডিসির উপসহকারী পরিচালক মাহতাব উদ্দিন, গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, আনসার ও ভিডিপি সহকারী অফিসার তপন কুমার বর্মন, জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) সদস্য আব্দুস সালাম, বিসিআইসি ডিলার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের মত স্বাভাবিকভাবে সার বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য শ্রমিকদের তালিকা ও নিরাপত্তা ব্যবস্থাও নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে। কর্তৃপক্ষ আশাবাদী, আগামিদিনে এ ধরনের সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








