বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে অভিযান: সাবেক ডিসি-এডিসি ও দুই এসিল্যান্ডের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

নিষেধাজ্ঞা অমান্য করে অভিযান: সাবেক ডিসি-এডিসি ও দুই এসিল্যান্ডের কারাদণ্ড
ছবি সংগৃহীত

আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়ে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনার (ভূমি)-কে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত কেউই আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। অথচ ওই জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা জারি ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে তার বসতঘর ভেঙে দেওয়া হয়।

এ ঘটনায় ২০০৮ সালের ১০ আগস্ট ভুক্তভোগী আব্দুল হামিদ তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলার তৎকালীন ইউএনও ও ভারপ্রাপ্ত এসিল্যান্ড নুরে আলম সিদ্দিকী এবং হবিগঞ্জ সদর উপজেলার এসিল্যান্ড সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস জানান, দীর্ঘ ১৭ বছর পর আদালত চারজন কর্মকর্তাকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পাশাপাশি বাদীর জমির দখল ফিরিয়ে দিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আগামী ২১ দিনের মধ্যে এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

এ রায় প্রসঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, এটি একটি গুরুত্বপূর্ণ নজির যেখানে সরকারি পদে থেকেও আইন লঙ্ঘনের দায়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হয়েছে।