শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

নওগাঁয় সাত দিনের ব্যবধানে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৬:১৩

আপডেট: ১১ জুলাই, ২০২৫ ১৬:২৫

শেয়ার

নওগাঁয় সাত দিনের ব্যবধানে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি
ছবি সংগৃহীত

নওগাঁয় হঠাৎ করেই বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ থেকে ৬ গুন দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৩০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার সকালে শহরের পৌর খুচরা বাজার ও সিও অফিস কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, ‘বৃষ্টির কারণে জমি থেকে কাঁচামরিচ তুলতে পারছেন না চাষিরা। এ ছাড়া জমিতে পানি জমে মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এতে দাম কিছুটা বেড়েছে।’

জানা গেছে, এক সপ্তাহ আগেও নওগাঁর বিভিন্ন হাটবাজারে কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকা আর খুচরা বাজারে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। বর্তমানে সেই কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা আর খুচরা বাজারে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে। এদিকে কাঁচা মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় অস্বস্থিতে পড়েছেন ক্রেতারা।

শহরের সিও অফিস বাজার করতে আসা মাসুদ রানা বলেন, ‘যে মরিচ এক সপ্তাহ আগে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে কিনেছি, সেই মরিচ আজ ২৪০ টাকা কেজি দরে কিনেতে হচ্ছে। কালকেও ১২০ টাকা কেজি নিয়ে গেছি অথচ আজকে দ্বিগুন দাম। বাজারের যে অবস্থা মনে হচ্ছে কালকে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি হবে।’

বাজার করতে আসা ক্রেতারা বলেন, ‘বর্ষার কারণে গাছ নষ্ট ও সরবরাহ কম হওয়ার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু এমন পরিস্থিতি তো এখনো তৈরি হয়নি যে বাজারে মরিচ পাওয়া যাচ্ছে না। নিয়মিত বাজারে অভিযান চালানো হলে এমন পরিস্থিতি তৈরি হবে না।’

বাজারের খুচরা বিক্রেতা বলেন, টানা বৃষ্টির কারণে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। গত সপ্তাহে এই বাজারে ৩০ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ ভোরে পৌর পাইকারি বাজার থেকে কিনতে হয়েছে ২০০ টাকা কেজিতে। সেগুলো এখন ২৩০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হবে।



banner close
banner close