শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

মিরসরাই ট্র্যাজেডির ১৪ বছর: ১১ জুলাইয়ে থেমে গিয়েছিল ৪৫ প্রাণের পথচলা

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১২:০৮

শেয়ার

মিরসরাই ট্র্যাজেডির ১৪ বছর: ১১ জুলাইয়ে থেমে গিয়েছিল ৪৫ প্রাণের পথচলা
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক দিন—২০১১ সালের ১১ জুলাই। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সৈদালী এলাকায় একটি মিনি ট্রাক ডোবার পানিতে পড়ে যায়। নিমেষেই নিভে যায় ৪৫টি শিশুর জীবনপ্রবাহ। সেই থেকে ১১ জুলাই মিরসরাইবাসীর কাছে বেদনার এক চিরন্তন প্রতীক।

নিহতদের বেশিরভাগই ছিলো আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সেই দিন খেলা দেখতে গিয়ে ফিরেছিল লাশ হয়ে—নয়ন, উজ্জ্বল, শাকিব, টিটু, ধ্রুবসহ আরও অনেকে। এখন শুধুই ছবির ফ্রেমে তাদের হাসি।

নিহত শিক্ষার্থী আবু সুফিয়ান সুজনের বাবা মোহাম্মদ রিদওয়ান বলেন,

“আমার একমাত্র ছেলেকে হারিয়ে ১৪ বছর কাটালাম। তার বন্ধুরা আজ জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু আমার ছেলে চিরঘুমে শুয়ে আছে। শূন্যতা আজও ভর করে আছে আমাদের ঘরে।”

সুজনের বন্ধু ফরিদুল ইসলাম বলেন,

“খুব মেধাবী ও ভদ্র ছেলে ছিলো সুজন। সেদিন খেলা দেখার জন্য স্কুল থেকে ছুটি নিয়েছিলো। এরপর ওর নিথর দেহ দেখেছিলাম, যা আজও ভুলতে পারিনি।”

স্মরণে কর্মসূচি

আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রতিবছরের মতো এবারও ‘মিরসরাই ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আয়োজন করেছে স্মরণসভা। ১১ জুলাই সকাল ১০টায় স্কুল গেটের ‘আবেগ’ ও দুর্ঘটনাস্থলের ‘অন্তিম’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। উপস্থিত থাকবেন নিহতদের স্বজন, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাষ্ট্রীয় স্বীকৃতি কোথায়?

স্থানীয়ভাবে সীমিত পরিসরে দিবসটি পালিত হলেও এখনও এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। নিহতদের পরিবারগুলোর দাবি, এই শোকাবহ দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণ করা হোক—শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা হিসেবে।

দায়ী চালকের পরিণতি

ঘটনার পর ট্রাকচালক মফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পাঁচ বছর সাজাভোগের পর তিনি ২০১৬ সালে মুক্তি পান এবং আত্মগোপনে চলে যান। পরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালের ২৮ এপ্রিল নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

সেই কালো দিনের বিবরণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষে মিরসরাই স্টেডিয়াম থেকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের নিয়ে একটি মিনি ট্রাক ফিরছিলো। সৈদালী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার পানিতে পড়ে যায়। অতিরিক্ত যাত্রীর চাপে ঠাসা ট্রাকটি নিমিষেই তলিয়ে যায়। ঘটনাস্থলে মারা যান ৪৫ জন—যাদের মধ্যে ৩৪ জন ছিলো আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বাকি নিহতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা, কলেজ, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী যুবক।

আজও ১১ জুলাই এলেই মিরসরাই থমকে দাঁড়ায়। শোকাবহ সেই দিনটি স্মরণ করে আবারও চোখ ভিজে ওঠে হাজারো মানুষের। এই বেদনাবিধুর স্মৃতি যেন পরবর্তী প্রজন্মের জন্য হয় সতর্কতার বাতিঘর।



banner close
banner close