বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

ছদ্মবেশে মাদক ব্যবসা, সাভারে ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ০৯:৩১

আপডেট: ১১ জুলাই, ২০২৫ ১১:১৬

শেয়ার

ছদ্মবেশে মাদক ব্যবসা, সাভারে ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সাভারে হুজুরের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালানো এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সাভার মডেল থানা পুলিশের অভিযানে পাঁচ শত পিস ইয়াবাসহ ধরা পড়েন মো. জালাল আহমেদ (৬৩)।

গ্রেপ্তার জালাল কক্সবাজারের টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ জালালকে গ্রেপ্তার করে।

ওসি জানান, ‘জালাল আহমেদ সবসময় লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, আতর মেখে চলাফেরা করতেন। তাকে দেখে এলাকাবাসী একজন ধার্মিক ব্যক্তি বলে ভাবত। কিন্তু বাস্তবে তিনি ইয়াবার পাইকারি সরবরাহকারী।’

পুলিশি জিজ্ঞাসাবাদে জালাল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে সাভারে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার দেওয়া তথ্যে মাদকচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



আরও পড়ুন: