শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

শিশু ময়নার জানাজায় জনতার ঢল, হত্যাকাণ্ডে শোকের ছায়া সরাইলে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১৯:১৮

শেয়ার

শিশু ময়নার জানাজায় জনতার ঢল, হত্যাকাণ্ডে শোকের ছায়া সরাইলে
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে নির্মম হত্যাকাণ্ডের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী মাইমুনা আক্তার ময়নার জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৭ জুলাই) বিকেলে বাহরাইনপ্রবাসী পিতা আব্দুর রাজ্জাক দেশে ফিরে আসার পর স্থানীয় শাহবাজপুর খেলার মাঠে ময়নার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিহত মাইমুনা আক্তার ময়না (১১) চান্দুপাড়া গ্রামের বাসিন্দা ও বাহরাইনপ্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একটি মাদরাসার নূরানি শাখায়ও পড়াশোনা করত।

রোববার (৬ জুলাই) নিখোঁজের একদিন পর স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির দেহ ছিল বিবস্ত্র। প্রাথমিকভাবে যৌন সহিংসতার পর হত্যার আশঙ্কা করা হলেও বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা এবং সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসী সোচ্চার। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



banner close
banner close