শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

মাদারীপুরে মডেল মসজিদের উদ্বোধন ও নতুন ইমাম নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১৫:৪০

শেয়ার

মাদারীপুরে মডেল মসজিদের উদ্বোধন ও নতুন ইমাম নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন
ছবি বাংলা এডিশন

মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের উদ্বোধন এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইটগার্ড নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মসজিদের নিচতলায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মসজিদের নির্মাণকাজ বহু আগেই সম্পন্ন হলেও এখন পর্যন্ত উদ্বোধন করা হয়নি। ফলে মুসল্লিদের পুরনো টিনের ঘরে নামাজ আদায় করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর ও অস্বস্তিকর। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরাও নানা ভোগান্তিতে পড়ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু বলেন, “অজ্ঞাত কারণে মডেল মসজিদটি এখনও উদ্বোধন করা হয়নি। আমরা চাই দ্রুত এটি চালু করা হোক এবং একটি স্থায়ী ব্যবস্থাপনার আওতায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইটগার্ড নিয়োগ দেওয়া হোক।”

এ সময় বক্তারা বর্তমান ইমামের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তাঁকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগের জোর দাবি জানান। পাশাপাশি মসজিদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রম চালুর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মস্তফা, সাহাবুদ্দিন আহমেদ লিটন, ওবায়দুল হক বাদলসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি।



আরও পড়ুন: