সৌদি আরবে চাকরির ভিসা দেওয়ার প্রলোভনে চট্টগ্রামের বাঁশখালীর এক যুবকের কাছ থেকে ৩ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের মহেশখালীর এক দম্পতির বিরুদ্ধে করা প্রতারণার মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
ভুক্তভোগী এনামুল হক হৃদয় (২৪) জানান, “সৌদি প্রবাসে থাকাকালে আইয়ুব আলী নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। পরে দুইটি ভিসার জন্য তার সঙ্গে ৭ লাখ টাকায় চুক্তি হয়। দেশে অবস্থানরত আইয়ুবের স্ত্রী সেতু আরার কাছে এক ভিসার জন্য ৩ লাখ ৫৮ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু টাকা নেওয়ার পর তারা ভিসা না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।”
তদন্ত কর্মকর্তা এএসআই মো. রিয়াজ উদ্দিন প্রতিবেদনে উল্লেখ করেন, “বাদী ও সাক্ষীদের জবানবন্দি, ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেন সংক্রান্ত কাগজপত্র যাচাই এবং গোপন ও প্রকাশ্য তদন্তে প্রমাণ মিলেছে—প্রতারণার মাধ্যমে আসামিরা মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন।”
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ ডাচ্ বাংলা ব্যাংকের বাঁশখালী শাখায় আসামি সেতু আরার অ্যাকাউন্টে নগদ ২ লাখ টাকা জমা দেন হৃদয়। এরপর বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৯৮ হাজার টাকা এবং অন্যান্য খরচ বাবদ প্রায় ৬০ হাজার টাকা পরিশোধ করেন তিনি।
প্রবাসে থাকা আসামি আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে জানিয়েছেন বাদী।
ঘটনার পর এনামুল হক হৃদয় বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার অভিযোগ এনে একটি মামলা (সি.আর. মামলা নং- ১৩৪৩/২৪) দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ আনা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন:








