শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

‘স্যার’ ডেকে ধরা: এসআই সেজে থানায় প্রবেশ, তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ২১:৩২

শেয়ার

‘স্যার’ ডেকে ধরা: এসআই সেজে থানায় প্রবেশ, তরুণী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর থানায় নিজেকে পুলিশ উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রবেশ করেন তানিয়া আক্তার (২৬) নামের এক তরুণী। তবে দায়িত্বপ্রাপ্ত এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় তার পরিচয়ে সন্দেহ তৈরি হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি পুলিশের পোশাক পরে এলেও প্রকৃতপক্ষে পুলিশ সদস্য নন। পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, বোরকা পরিহিত অবস্থায় ওই নারী থানায় এসে নিজেকে এসআই পরিচয় দেন। কিন্তু দায়িত্বে থাকা এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। তার কথাবার্তা ও আচরণে আরও অসংগতি থাকায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

পরে দেখা যায়, তিনি বোরকার নিচে পুলিশের পোশাক পরে এসেছেন, কিন্তু পুলিশের কোনো সদস্য নন। শুক্রবার জয়দেবপুর থানার এসআই শাহীন বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তরুণী গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকার আবু তালেবের মেয়ে। তার কাছ থেকে একটি পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পোশাকসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি তৌফিক আহমেদ জানান, তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানি এখনও হয়নি।

এ ঘটনায় তরুণীর উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক ও সরঞ্জাম কোথা থেকে পেলেন—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close