শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ১৬:৪২

শেয়ার

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ স্থগিত
রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ স্থগিত।

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। পার্কিং ফি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) সকালে বাংলা এডিশনকে বিষয়টি নিশ্চিত করেন কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান। তিনি বলেন, “অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে।”

সূত্র জানায়, ঈদের ছুটিতে ৮ জুন এক দর্শনার্থী তার পরিবারসহ কাছারিবাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, দর্শনার্থীকে অফিসকক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এই ঘটনার প্রতিবাদে ১০ জুন স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান শাহজাদপুর থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জমিদারি তদারকি ও সাহিত্যচর্চার জন্য নিয়মিত শাহজাদপুরে অবস্থান করতেন। কাছারিবাড়িটি তাঁর স্মৃতিবিজড়িত বহু সাহিত্যকর্মের অনুপ্রেরণাস্থল। ফলে এটি শুধুমাত্র একটি পর্যটনকেন্দ্র নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির মূল্যবান ঐতিহ্য।



আরও পড়ুন: