শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

সেন্টমার্টিনে খাদ্য ও জ্বালানি সংকটে বাসিন্দাদের মাঝে অজানা শংকা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৫ ২০:০৪

শেয়ার

সেন্টমার্টিনে খাদ্য ও জ্বালানি সংকটে বাসিন্দাদের মাঝে অজানা শংকা
খাদ্য ও জ্বালানি সংকটে বাসিন্দাদের মাঝে অজানা শংকা।

গভীর নিম্নচাপ ও টানা ভারী বৃষ্টিতে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল। গত ছয় দিন ধরে এই নৌরুটে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকার কারণে সেন্টমার্টিনে খাদ্য ও জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। এতে করে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে অজানা শংকা।

এর আগে টেকনাফ উপজেলা প্রশাসন ২৫ মে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেন । ফলে বন্ধ রয়েছে খাদ্যসহ নিত্যপণ্য পরিবহন, এমনকি জরুরি যাতায়াত ব্যবস্থা।
৬ দিন ধরে নৌ যোগাযোগ বন্ধ থাকায় জরুরি যাতায়াতসহ নিত্য ও খাদ্যপণ্য পরিবহন করা যাচ্ছে না দ্বীপে। কেননা, গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকেই এসব পণ্য নিয়ে যেতে হয় সেন্টমার্টিনে।

সেন্টমার্টিনের বাসিন্দারা বলছে, কাঁচা তরকারি, জ্বালানি ও ওষুধসহ নিত্যপণ্য যা ছিল সব শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটের শঙ্কা বেড়েছে। তবে সংকট নিরসনে ব্যবস্থার কথা বলছে প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, রোববার সার্ভিস বোটে (পণ্যবাহী বোট) করে এক হাজার মানুষের জন্য খাদ্য সহয়তা পাঠানো হয়েছে।