শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

হাতিয়ার মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে, ২০২৫ ১১:৪০

শেয়ার

হাতিয়ার মেঘনা নদীতে রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারের কেউ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী তমরদ্দি বাজারের ব্যবসায়ী মো. নাজমুল আলম বলেন, ‘সকালের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে রড-সিমেন্ট ও মুদি সামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দীপ হয়ে এমভি প্রাহিম নামের একটি মাল বোঝাই ট্রলার হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারের মালিক পক্ষ ব্যবসায়ীদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোভ করে অতিরিক্ত ভাড়া নিতে ট্রলারটি ছেড়ে আসে। যাত্রা পথে ট্রলারটি উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে পৌছালে বাতাসের তোড়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ২৮টন রড-সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল নিয়ে ডুবে যায়। তাৎক্ষণিক ট্রলারে থাকা লোকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। এতে মালামাল ডুবে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।’

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছে।’

বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন আজমল হুদা।