চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ার গরুর গোয়াল থেকে গরু ডাকাতি হয়েছে বলে জানা গেছে। ডাকাত দলের সদস্যরা গুলি ছুঁড়ে খামার থেকে তিনটি গরু ডাকাতি করে নিয়ে গেছেন।
রবিবার দিবাগত রাত একটার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) সংলগ্ন এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ওসি জাহেদুল কবিরের ছোট ভাই মনিরুল কবির গরুগুলো লালন-পালন করতেন।
মনিরুল কবির বলেন, রবিবার রাতে গরুর খামারের দরজা খোলা দেখে বাড়ি থেকে বের হই। তখন খামারের দরজার কাছাকাছি গেলেই দেখি ডাকাতদলের সদস্যরা খামার থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছে। আমি ডাকাত বলে চিৎকার দেওয়ার সাথে সাথে তারা আমাকে লক্ষ করে গুলি ছুঁড়েন।
ততক্ষণে তারা খামার থেকে পাঁচটি গরু তাদের গরু পরিবহনের জন্য নিয়ে আসা পিকআপের পাশে নিয়ে যান। তবে তিনটি গরু তুলতে পারলেও দুইটি গরু পিকআপে তুলতে না পেরে ফেলে চলে যান ডাকাতের দল। গুলি ছোঁড়ার কেউ এগিয়ে যেতে না পারায় বিনা বাধায় ডাকাতি শেষ করেন ডাকাতেরা।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে চকবাজার থানাধীন একটি বিবাহ অনুষ্ঠান থেকে চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করেন চকবাজার থানার ওসি জাহেদুল কবির। এ কারণে তার পালিত ডাকাতদলের সন্ত্রাসীদের দিয়ে ওসির বাড়ি থেকে গরু ডাকাতি করে নিয়ে গেছেন কিনা তা খতিয়ে দেখার দাবি করছেন স্থানীয়রা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ডাকাতির ঘটনায় খবর পেয়েছি। কারা এই ডাকাতির ঘটনার সাথে জড়িত তাদের চিহিৃত করার চেষ্টা করছি।
আরও পড়ুন:








