সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন: উৎফুল্ল জেলা ছাত্রদল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫ ১৪:৫৭

আপডেট: ১ জানুয়ারি, ২০২৫ ১৬:১৯

শেয়ার

লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন: উৎফুল্ল জেলা ছাত্রদল

লক্ষ্মীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। স্বৈরশাসক হাসিনা যুগের পর এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদলের নেতাকর্মীরা উৎফুল্ল বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এবারই প্রথম ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার সুযোগ পেয়েছেন। হাসিনার পতনই ছাত্রদলের বড় জয়। ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে ছাত্রদল। বৈষম্য মুক্ত, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে ছাত্রদল বদ্ধপরিকর।

পহেলা জানুয়ারি সকাল থেকেই জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অস্থায়ী একটি মঞ্চ বানিয়ে বক্তব্য দেন দলটির সাবেক ও বর্তমান নেতারা। পরে দুপুর একটা নাগাদ শুরু হয় বর্ণাঢ্য র‍‍্যালি। র‍‍্যালিটি শহরের চকবাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আফনান চত্বরে এসে সমবেত হয়। পরে সংক্ষিপ্ত সভার মাধ্যমে সেটি শেষ হয়।

এর-আগে, আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ছাত্রদলের আমন্ত্রণে তাদের প্রতিষ্ঠা-বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, নিজাম উদ্দিন, মাহবুবুর রহমান, কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ প্রমূখ।

জেলা ছাত্রদলের তরফ থেকে এদিন বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় মিলাদ-মাহফিল, দোয়া অনুষ্ঠান ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার কথা রয়েছে।



banner close
banner close