ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো নয়, বরং প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম।
সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বিজয় মেলায় অংশ নিয়ে এ মন্তব্য করেন নুসরাত তাবাসসুম। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যেগে এ মেলা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘প্রতিবেশী যেমনই হোক না কেনো, তার সঙ্গে সম্পর্কটাও প্রতিবেশী সূচকে হতে হবে। এই বিষয়টি যদি বিজেপি সরকার বারবার এড়িয়ে যায়, তাহলে মনে হয়, ভারতের মানুষেরও সময় এসেছে বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার।’
এবারের বিজয় উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ’৭১ কে স্বীকার করলে ২৪ কে স্বীকার করা যাবে না বিষয়টি এমন নয়। ৭১-এ যেটি শুরু হয়েছিল ২৪ সেটিরই একটি ধারাবাহিকতা।’
নুসরাত বলেন, ‘১৬ বছর স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ আওয়ামী করণের কালো ছায়ায় আবদ্ধ ছিল। সে ছায়া কেটে যাওয়ার পর মানুষ বিজয়ের আনন্দ উপভোগ করতে পারছে। এর আগে বিজয় দিবস মানেই ছিল সকাল থেকে একই ধরনের গান বাজছে, মোটরসাইকেলের শো ডাউন চলছে আর দলীয় লোকজনের মধ্যে খিচুড়ি বিতরণ হচ্ছে। সেখানে সাধারন মানুষের অংশগ্রহন ছিল না। জুলাই অভ্যুথানের পর বর্তমান প্রজন্ম বিজয়ের আনন্দ বুঝতে পারছে। নতুন করে বিজয় বা স্বাধীনতার চেতনা জাগ্রত করার জন্য জুলাই অভ্যুত্থানের খুব দরকার ছিল।
নির্বাচনের বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক আরো বলেন, ‘গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচন তো হওয়ায় উচিত। তবে তার আগে সকল রাজনৈতিক দলগুলোর একমতে এসে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হওয়া উচিত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সভাপতি আসলাম অর্ক, সাধারণ সম্পাদক সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলামসহ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার নেতারা।
আরও পড়ুন:








