সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় বীজের দাম বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে বিএডিসিতে চাষীদের স্মারকলিপি

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ১৪:৪৫

শেয়ার

চুয়াডাঙ্গায় বীজের দাম বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে বিএডিসিতে চাষীদের স্মারকলিপি
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক আউশ ধান বীজের সংগ্ৰহ মূল্য ন্যুনতম ৬৫ টাকা নির্ধারণ ও চাষীদের বীজ বিক্রির পাওনা ৪ কোটি টাকা পরিমশোধের দাবিতে স্মারকলিপি পেশ করেছে সংস্থাটির চুক্তিবদ্ধ চাষীরা।

সোমবার বেলা ১২টায় বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গার চাষীরা চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত স্মারকলিপি চুয়াডাঙ্গা বিএডিসির উপ-পরিচালকের কাছে পেশ করেন।

এ সময় স্মারকলিপি গ্ৰহন করে বিএডিসির (উৎপাদন) চুয়াডাঙ্গার উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তিনি উপস্থিত চাষী ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, 'বিধি মোতাবেক আপনাদের দাবি সম্বলিত স্মারকলিপি আমি যথাযথ কর্তৃপক্ষের নিকটে পৌঁছে দেবো।'

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রশীদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে শতাধিক আউশ ধান বীজ উৎপাদনকারী চাষী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন চাষী ফোরামের স্থানীয় নেতা এনামুল হক লোটাস, জাহাঙ্গীর মালেক প্রমুখ।

চাষী নেতৃবৃন্দ জানান, নিজেদের উৎপাদিত আউশ ধানের বীজ তারা দীর্ঘদিন ধরে বিএডিসিতে সরবরাহ করে আসছেন। তাদের সরবরাহ করা আউশ ধান বীজের মূল্য হিসাবে এখন পর্যন্ত বিএডিসির কাছে পাওনা আছে ৪ কোটি টাকা। সেই টাকা পরিশোধে বিএডিসি গড়িমসি করছে বলেও তারা অভিযোগ করেন।

তারা দাবি করেন, অবিলম্বে তাদের পাওনা পরিশোধ করতে হবে। সেইসাথে এখন থেকে তাদের সরবরাহ করা ধান বীজের মূল্য কেজি প্রতি ৬৫ টাকা দরে পরিশোধ করতে হবে। অন্যথায় তারা এরপর থেকে বিএডিসিকে আর কোন ধরনের ধান বীজ সরবরাহ করবে না বলেও হুঁশিয়ারি দেন ।

তারা বলেন, উৎপাদন খরচ বেড়ে গেছে। সুতারাং বীজের ক্রয় মুল্য না বাড়ালে লোকসানে পড়তে হচ্ছে চাষীদের। চুয়াডাঙ্গা অঞ্চলে বিএডিসিতে বীজ সরবরাহকারী প্রায় ১০ হাজার চাষী রয়েছেন।