রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪ ১৮:২১

আপডেট: ১৩ নভেম্বর, ২০২৪ ১৮:২২

শেয়ার

বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি।

বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

নিহত আব্দুল গফ্ফার শেখ বিএনপি কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এদিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এদিন দুপুরে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, চা বিক্রেতা ক্ষীতিশ গাইনের সাথে একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ ছিল। বেলা ১১টায় এই বিষয়ে সালিশ বৈঠক হয়। সালিশে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়। পরবর্তীতে দুপুরের দিকে সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারিতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হবে বলে জানান এই কর্মকর্তা।