হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে সোমবার সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পশ্চিমভাগ গ্রামের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলু মিয়া ও একই এলাকার মলাই মিয়ার মধ্যে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় এবং এর জেরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার সকালে বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের কাছে যান স্থানীয় মুরুব্বিসহ সালিশানরা।
উভয় পক্ষের কাছে সালিশের সময় নেয়ার পরপর সালিশানরা চলে গেলে ফের দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আর এতে দুলু মিয়ার পক্ষ নেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার ও মলাই মিয়ার পক্ষ নেন বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার। সংঘর্ষের সময় ভাংচুর করা হয় বাড়ি ঘর।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, ‘দুই চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারসহ নানা বিষয়াধি নিয়ে বিরোধ চলে আসছিল। বাচ্চাফের ঝগড়াকে কেন্দ্র করে তারা ফের সংঘর্ষে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:








