ভারতের রাজধানী দিল্লির একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন। রবিবার (২৯ নভেম্বর) ভোরে শহরের শাহদারা জেলার বিশ্বাস নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিটি মলের কাছে গলি নম্বর ১১-এর একটি বাড়ির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। দিল্লি ফায়ার সার্ভিসের কাছে ভোর ৪টা ১৩ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। এর মধ্যে একটি পানিবাহী গাড়ি, একটি ওয়াটার বাউজার ও একটি কুইক রেসপন্স ভেহিকল (কিউআরভি) ছিল।
ভবনের নিচতলায় ছিল চার্জিং স্টেশন
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির নিচতলায় আগুন লাগে। সেখানে একটি ই-রিকশা বা অটোরিকশার চার্জিং স্টেশন চালু ছিল। প্রায় ৬০ বর্গগজ জায়গার ওপর নির্মিত বাড়িটির ওপরের তলায় আগুনের মধ্যে ছয়জন আটকা পড়েন।
পরে উদ্ধার করে তাদের হেগদেওয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারজনের মৃত্যু হয়। বাকি দুজন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শাহদারা জেলার উপকমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, থানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্বাস নগরের ১১ নম্বর গলিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের প্রথম তলায় ঘুমিয়ে থাকা ব্যক্তিরাই আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরও পড়ুন:







