রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী বলল আরব দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ১১:০৩

শেয়ার

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী বলল আরব দল
ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের রাজনৈতিক প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে দেশটির আরব দল রা’আম। দলটির নেতা মনসুর আব্বাস জানিয়েছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার একটি বিলে তাঁরা সহ-উদ্যোক্তা হয়েছেন এবং তিনি নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে চ্যানেল-১২কে দেওয়া এক সাক্ষাৎকারে মনসুর আব্বাস এ তথ্য জানান।

জোট সরকারে যোগ দেওয়ার চার শর্ত

এর মধ্য দিয়ে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য জোট সরকারে রা’আমের যোগ দেওয়ার ক্ষেত্রে অন্যতম বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে মনসুর আব্বাস সরাসরি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেননি। তিনি সংসদে এ বিষয়ে উত্থাপিত বিলের সহ-উদ্যোক্তা হওয়া এবং বিলটির পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

আইজেনকোটের জোটে যোগ দিতে রা’আমকে চারটি শর্ত পূরণ করতে হয়েছিল। শর্তগুলো হলো, ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব ইসরায়েলির জন্য বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের পক্ষে থাকা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।

মনসুর আব্বাসের দাবি, আইজেনকোটের দেওয়া চারটি শর্তই পূরণ করেছে তাঁর দল।

সরকার গঠনে হাতে আট দিন

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর আট দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যে নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি এবং আরব দল রা’আমের সমর্থন নিয়ে সরকার গঠনের পরিকল্পনা রয়েছে তাঁর।

এদিকে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টও আইজেনকোটকে সরকার গঠনে সমর্থন দেওয়ার পাশাপাশি সরকার টিকিয়ে রাখতে ভূমিকা রাখতে পারে বলে পরিকল্পনা করা হচ্ছে। তবে জোটটি সরাসরি সরকারে যোগ দেবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল