রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

আইজেনকটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ০৭:৫৯

শেয়ার

আইজেনকটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
ছবি সংগৃহীত

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, সরকার গঠিত হলে প্রথম মেয়াদে বিরোধী নেতা গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, একজন নেতা হিসেবে দায়িত্বের তাগিদে তাকে সবকিছু বিবেচনায় নিতে হচ্ছে। এমনকি বৃহত্তম দলের নেতা প্রধানমন্ত্রী হবেন—এই নীতিও প্রয়োজনে পাশে সরিয়ে রাখতে হচ্ছে।

ঐক্যের সরকারের প্রস্তাবে ইতিবাচক আইজেনকট

নেতানিয়াহুর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন আইজেনকট। তিনি দ্রুত ও কার্যকর আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে তার অভিযোগ, সরকার গঠনের আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই গড়িমসি করছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।

আইজেনকট বলেন, লিকুদ পার্টি সত্যিকার অর্থে জাতীয় ঐক্যের সরকার গঠনে আগ্রহী হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আন্তরিকতা যাচাই করতে তিনি প্রস্তুত। গত রোববার নেতানিয়াহুর কাছে পাঠানো বিস্তারিত প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হওয়া উচিত বলেও জানান তিনি। তবে এখন পর্যন্ত ওই প্রস্তাবের কোনো জবাব পাওয়া যায়নি।

শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, গত দুই সপ্তাহে লিকুদ পার্টি সরকার গঠন নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। বরং অযথা আলোচনায় বিলম্ব করছে। দলটি আদৌ আলোচনায় আন্তরিক কি না, সে প্রশ্নও তুলেছিলেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দেন নেতানিয়াহু।

নির্বাচনে কোনো পক্ষই পায়নি সংখ্যাগরিষ্ঠতা

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এবং অন্য তিনটি ইহুদি বিরোধী দল মিলে ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

নির্বাচনের পর বিভিন্ন দলের সঙ্গে সপ্তাহজুড়ে আলোচনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরপর চলতি মাসের শুরুতে সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হয় সাবেক সেনাপ্রধান আইজেনকটকে। তাকে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বর এ সময়সীমা শেষ হবে।

সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব জোট

নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ফলে আরব নেতৃত্বাধীন দুটি জোট—ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট—মিলে ১৯টি আসন পেয়েছে। ইসরায়েলের রাজনীতিতে এটি নজিরবিহীন ঘটনা। সরকার গঠনের সমীকরণে এ দুটি জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে নির্বাচনের আগে একটি ছাড়া প্রায় সব ইহুদি দলই আরব জোটগুলোর সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

শনিবার ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপন্থী ইসলামপন্থী রা'আম পার্টির নেতা মানসুর আব্বাস বলেন, তার দল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়। এ-সংক্রান্ত একটি বিলের সহ-উদ্যোক্তা ছিল তার দল। তিনিও বিলটির পক্ষে ভোট দিয়েছেন বলে জানান।

বিশ্লেষকদের মতে, আব্বাসের এ অবস্থান নেতানিয়াহুবিরোধী জোটে তার দলের অংশগ্রহণের পথ সহজ করতে পারে।

আইজেনকটের সঙ্গে জোট চুক্তি করেছেন কয়েকটি দল

সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে আইজেনকটের। ইয়িসরায়েল বেইতেনু পার্টি ও দ্য ডেমোক্র্যাটসের সঙ্গে তার জোট চুক্তি হয়েছে। এ ছাড়া তার জোটের চতুর্থ দল বেয়াচাদ পার্টির নেতৃত্বে রয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বৃহস্পতিবার বেনেটও লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে মত দেন। তবে তার প্রস্তাব ছিল, ওই সরকারের প্রধানমন্ত্রী হবেন আইজেনকট।

নেতানিয়াহুর নতুন প্রস্তাবের পর বেনেট বলেন, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকারে যোগ দিতে নেতানিয়াহুর আগ্রহ প্রকাশ সঠিক সিদ্ধান্ত। তার ভাষায়, এ সরকার হবে দায়িত্ব পালনকারী ও দেশের সেবায় নিয়োজিত ব্যক্তিদের জোট।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকির মাত্রা এবং সেই হুমকি মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কা থেকেই তিনি জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়েছেন।

ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে কোনো দলই এখন পর্যন্ত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য দেশটিতে বিভিন্ন দলকে নিয়ে জোট করতে হয়। বিশেষ করে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির রাজনীতিতে চরম অস্থিরতা ছিল। ওই সময়ে নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতা না হওয়ায় পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নেতানিয়াহুর নতুন প্রস্তাব সরকার গঠনের সমীকরণে কী পরিবর্তন আনে, এখন সেটিই দেখার বিষয়।