রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে সোনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ০৭:১৬

শেয়ার

পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে সোনা
ছবি সংগৃহীত

পৃথিবীর গভীর কেন্দ্র থেকে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ধীরে ধীরে উঠে আসছে ভূপৃষ্ঠে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে উত্তপ্ত গলিত পাথর বা ম্যাগমার সঙ্গে এসব ধাতু ওপরের স্তরে পৌঁছাচ্ছে। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়শিলা পরীক্ষা করে এমন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।

তিন বছর ধরে হাওয়াইয়ের ব্যাসল্ট শিলা নিয়ে গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের গবেষণাপত্র গত বছর বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়।

গবেষকদের মতে, সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা উত্তপ্ত ম্যাগমার স্রোতের সঙ্গে পৃথিবীর গভীর কেন্দ্রের কিছু উপাদানও ওপরে উঠে আসছে। এভাবেই হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলোর সৃষ্টি হয়েছে।

ভূতাত্ত্বিকদের দীর্ঘদিনের ধারণা ছিল, পৃথিবীর গলিত কেন্দ্র পুরোপুরি বিচ্ছিন্ন নয়। সেখানকার কিছু উপাদান ওপরের পাথুরে স্তর বা ম্যান্টলে মিশে যাচ্ছে। নতুন গবেষণায় এই ধারণার পক্ষে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে।

পৃথিবীর কেন্দ্রে রয়েছে অধিকাংশ সোনা

গটিংজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়নবিদ ও গবেষণার প্রধান লেখক নিলস মেসলিং বলেন, প্রায় ৪০ বছর আগে প্রথম এ ধরনের ধারণা দেওয়া হয়েছিল। তবে এত দিন এর পক্ষে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এবারই প্রথম জোরালো প্রমাণ মিলেছে যে পৃথিবীর কেন্দ্রের কিছু উপাদান ম্যান্টলে এসে মিশছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবীর মোট সোনার ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি রয়েছে গলিত কেন্দ্রে। সেখানে প্লাটিনামের মতো ভারী ধাতুও রয়েছে। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী সৃষ্টির শুরুর দিকে উল্কাপিণ্ডের সংঘর্ষে এসব মূল্যবান ধাতুর বিশাল ভান্ডার তৈরি হয়।

নতুন গবেষণায় বলা হয়েছে, সেই ভান্ডার থেকে সামান্য পরিমাণ সোনা ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে ভবিষ্যতেও পৃথিবীর কেন্দ্র থেকে আরও সোনা ওপরের স্তরে পৌঁছাতে পারে।

খনন করে এই সোনা তোলা সম্ভব?

কেন্দ্র থেকে উঠে আসা সোনার পরিমাণ অত্যন্ত নগণ্য। তা ছাড়া সরাসরি উৎস থেকে এই সোনা উত্তোলন বর্তমান প্রযুক্তিতে অসম্ভব।

পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের মধ্যবর্তী সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৯৭ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মানুষের খনন করা গভীরতম কূপ রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোলের গভীরতা মাত্র ১২ দশমিক ৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সীমানা মানুষের খনন করা গভীরতম কূপের চেয়েও প্রায় ২৩৬ গুণ গভীরে।

গবেষকদের ধারণা, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে এসব ধাতু পৌঁছাতে ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর সময় লাগে। প্রক্রিয়াটি এখনো চলমান। ফলে প্রাকৃতিকভাবে পৃথিবীর ওপরের স্তরে সোনার মজুত কিছুটা পূরণ হচ্ছে।