রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা; নিহত অন্তত ছয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ২১:৫০

শেয়ার

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা; নিহত অন্তত ছয়
ছবি: সংগৃহীত

মিয়ানমারে সংঘাতপূর্ণ এলাকায় একটি বিয়ের বাড়িতে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৬ নিহত হয়েছেন। তবে এক প্রত্যক্ষদর্শীর দাবি, এ ঘটনায় নিহতের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে হামলার পর রক্তাক্ত অবস্থায় আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

প্রত্যক্ষদর্শী জানান, তিনি কাছাকাছি বিমান উড়ার শব্দ শুনেছিলেন। তবে ধারণা করেছিলেন, তাদের এলাকায় বোমা হামলা হবে না। পরে একটি বিস্ফোরণের শব্দ শুনে ধোঁয়া উঠতে দেখেন।

তিনি বলেন, হামলার সময় ওই বাড়িতে দুই বাস্তুচ্যুত মানুষের বিয়ের প্রস্তুতি চলছিল। বিস্ফোরণের পর তিনি ঘটনাস্থলে গিয়ে ১৭টি মরদেহ দেখতে পান। সেখানে আরও অনেকে আহত অবস্থায় পড়ে ছিলেন।

অন্য গ্রামবাসীদের তোলা ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

উল্লেখ্য, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে। সংঘাতের কারণে এ অঞ্চলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।