রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

মহাকাশ গবেষণায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৯:১৭

শেয়ার

মহাকাশ গবেষণায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব পাকিস্তানের
ছবি: সংগৃহীত

চীনের সহযোগিতায় প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জনের পর এবার বাংলাদেশের মহাকাশ গবেষণায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গবেষণা, মহাকাশ প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় দেশটি।

পাকিস্তান সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদল ইসলামাবাদের ‘কাহকাশান মিশন কন্ট্রোল সেন্টার’ এবং পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা ‘সুপারকো’ (SUPARCO) পরিদর্শনকালে দেশটির মহাকাশ গবেষণার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক ড. নাজম আব্বাস এ আগ্রহের কথা জানান। তিনি সুপারকোর চিফ ম্যানেজার এবং ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির অধীন ন্যাশনাল সেন্টার অব জিআইএস অ্যান্ড স্পেস অ্যাপ্লিকেশনসের চেয়ারম্যান।

সাক্ষাৎকারে ড. নাজম আব্বাস বলেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো এবং এর সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি’র সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। কারণ, এই বিশ্ববিদ্যালয়টি সুপারকোর সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট তৈরিতে কাজ করছে। শুধু মহাকাশ প্রযুক্তিতে সহায়তাই নয়, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার জন্যও আমন্ত্রণ জানান তিনি।

দুই দেশের অভিন্ন সমস্যার কথা তুলে ধরে ড. নাজম আব্বাস বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের অনেক অভিন্ন সমস্যা রয়েছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা, নগর জলাবদ্ধতা এবং নগর পরিকল্পনার মতো বিষয়গুলো পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমাধান করা সম্ভব। পাকিস্তানে আমরা আপনাদের স্বাগত জানাই এবং আশা করি আমরা একসঙ্গে কাজ করতে পারব।

উল্লেখ্য, দীর্ঘ ৯১ বছরের অপেক্ষা শেষে গত ২৫ নভেম্বর চীনের ‘শেনঝু-২৪’ মহাকাশযানে চড়ে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান পাকিস্তান বিমান বাহিনীর পাইলট মোহাম্মদ জিশান আলী। প্রায় ২০০ প্রার্থীর মধ্য থেকে বাছাই এবং সাত মাসের কঠোর প্রশিক্ষণ শেষে পেলোড স্পেশালিস্ট হিসেবে নির্বাচিত হয়ে তিনি এক সপ্তাহের এই অভিযানে অংশ নিয়েছেন। সেখানে তিনি পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের নকশা করা চারটি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২ বা ৩ ডিসেম্বর তার পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।