রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, আইন ভাঙলে জরিমানা

সজীব আহমেদ রিওন, ইতালি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৮:২৭

শেয়ার

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, আইন ভাঙলে জরিমানা
ছবি: সংগৃহীত

ইতালিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে দেশটির সংসদ। নতুন বিধান অনুযায়ী, স্কুলের ক্লাস ও শিক্ষা কার্যক্রমে এমন পোশাক পরা যাবে না, যাতে শিক্ষার্থীর মুখ ঢেকে যায় এবং পরিচয় শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। নিয়ম লঙ্ঘন করলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

গত ২৬ নভেম্বর ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে (Camera dei Deputati) ১৪২ ভোট পক্ষে, ১১২ ভোট বিপক্ষে এবং ৪ জনের বিরত থাকার মধ্য দিয়ে Decreto Scuola চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে ২০ নভেম্বর সিনেটে বিলটি অনুমোদিত হয়েছিল।

নতুন বিধানে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও অন্যান্য শিক্ষা কার্যক্রমে মুখ সম্পূর্ণ ঢেকে রাখা যাবে না। ফলে বোরকা ও নিকাবের মতো পোশাকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে হিজাবের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়, কারণ এতে মুখ খোলা থাকে। চিকিৎসাজনিত বিশেষ কারণেও ছাড়ের সুযোগ রাখা হয়েছে।

আইন অমান্য করে কোনো অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী এ ধরনের পোশাক পরলে জরিমানার দায় তার অভিভাবকের ওপর বর্তাতে পারে।

এদিকে নতুন শিক্ষা আইনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নির্দিষ্ট শর্ত পূরণকারী বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা প্রথম বর্ষের শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীরা এ সীমার বাইরে থাকবেন।

সরকারের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচয় শনাক্তকরণ, ভাষাগত দক্ষতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। তবে বিরোধী দলগুলো নতুন বিধানের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে।

উল্লেখ্য, নতুন এই নিষেধাজ্ঞা স্কুল ও শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। এটি ইতালির সব রাস্তাঘাট বা জনসমাগমস্থলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার আইন নয়।