শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে নিহত ছয় শিক্ষার্থী, আহত ৯৭ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:২২

শেয়ার

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে নিহত ছয় শিক্ষার্থী, আহত ৯৭ জন
ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। হতাহতের সংখ্যা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের প্রধান।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশটির আন্দার সের এলাকায় বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

বাড়িতে মজুত ছিল বিস্ফোরক ডিনামাইট

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানান, বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, ওই বাড়িতে খননকাজে যুক্ত ব্যক্তিরা বসবাস করতেন। সেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত ডিনামাইট মজুত ছিল।

তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনার পর তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

উল্লেখ্য, কুনার প্রদেশটি আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

সূত্র: আল জাজিরা