শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৫:৩৯

শেয়ার

সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
ছবি সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। চিকিৎসাসংক্রান্ত নথিপত্রসহ বিভিন্ন সরকারি কাগজে নারীদের নাম লেখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালে নারী রোগীদের নামের পরিবর্তে বিবি বলে সম্বোধন করতে বলা হয়েছে। জান টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও স্পেনভিত্তিক সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে নারী রোগীদের সম্বোধনেও নির্দেশনা

হাসপাতালের কর্মীদের নারী রোগীদের বিবি বলে সম্বোধন করতে বলা হয়েছে। আফগানিস্তানে বিবি শব্দটি সাধারণত সব বয়সী নারীর ক্ষেত্রে সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়।

তবে এল পাইসের প্রতিবেদনে নারী ও অধিকারকর্মীদের বক্তব্যের বরাতে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের ছাগল বা গরুর মতো অবমাননাকর শব্দেও সম্বোধন করছেন।

নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সংকুচিত

তালেবানের বিভিন্ন বিধিনিষেধের কারণে আফগান নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত স্বাস্থ্যসেবার কারণে দেশটির নারীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

কুনার প্রদেশের এক নারী জানিয়েছেন, চিকিৎসাসেবা না পাওয়ায় তাঁকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

দেশটির অনেক প্রদেশে নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আফগানিস্তানে নারীদের কাজের অনুমতি থাকা অল্প কয়েকটি ক্ষেত্রের একটি স্বাস্থ্যসেবা। তবে ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসাসংক্রান্ত বিষয়ে নারীদের প্রশিক্ষণ নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করে তালেবান।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, এর ফলে স্বাস্থ্য খাতে দ্বিমুখী সংকট তৈরি হয়েছে। প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীরা অবসর নিচ্ছেন কিংবা দেশ ছাড়ছেন। অন্যদিকে তাঁদের জায়গায় কাজ করার জন্য নতুন করে নারী স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না।

নাগরিক নথি সংগ্রহেও পুরুষ অভিভাবক বাধ্যতামূলক

২০২৪ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, নারীদের নাগরিক নথিপত্র সংগ্রহ করতে হলে সঙ্গে একজন পুরুষ অভিভাবক বা সঙ্গী থাকা বাধ্যতামূলক। তবে দীর্ঘ প্রক্রিয়ায় সময় নষ্ট, যাতায়াতের দূরত্ব এবং এ সময় কাজের আয় হারানোর আশঙ্কায় অনেক পুরুষ নারীদের সঙ্গে যেতে অনীহা দেখান।

আবার অনেকের ধারণা, অধিকাংশ নারী যেহেতু কাজ করার অনুমতি পান না, তাই তাঁদের এসব নথিপত্রেরও প্রয়োজন নেই।

নারীপ্রধান পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন। এসব পরিবারের নারী প্রধানদের সঙ্গে আবেদন করার মতো কোনো পুরুষ অভিভাবক না থাকায় নিজেদের ও সন্তানদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়।

নাগরিক নথিপত্র স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং ব্যাংক হিসাব খোলার মতো জরুরি সেবা পাওয়ার জন্য প্রয়োজন হয়। ফলে এসব নথি সংগ্রহে বাধা আফগান নারীদের মৌলিক সেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলছে।

সূত্র: নিউজ আরব