ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সতর্কতামূলক গুলিবর্ষণের মুখে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান গতিপথ পরিবর্তন করে পিছু হটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
হাঙ্গাম দ্বীপের কাছে গুলিবর্ষণের দাবি
বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান হাঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিষিদ্ধ নৌযানগুলোর জন্য আকাশপথে সহায়তা ও নিরাপত্তা প্রদানের মিশনে নিয়োজিত ছিল। এ সময় বিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে এলে আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়।
আইআরজিসির দাবি, তীব্র কৌশলগত কসরত চালানোর পর যুদ্ধবিমানটি বাধ্য হয়ে গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে দূরে সরে যায়।
মার্কিন যুদ্ধবিমানকে কঠোর জবাবের হুঁশিয়ারি
বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিধিবিধান এড়িয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট লঙ্ঘনকারী নৌযান এবং তাদের সামরিক সহায়তাকারী বাহিনী আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
আইআরজিসি মার্কিন সামরিক বাহিনীর কমান্ডারদের সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য রেড লাইন। মার্কিন যুদ্ধবিমান আবারও ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে কঠোর আকাশ প্রতিরক্ষা জবাব দেওয়া হবে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, এমন জবাবের মুখে মার্কিন যুদ্ধবিমানগুলোও ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমান ও মার্কিন ড্রোনগুলোর মতো পরিণতির শিকার হতে পারে।
তবে যুদ্ধবিমানটির পিছু হটার বিষয়ে আইআরজিসির এই দাবির পক্ষে স্বাধীন কোনো নিশ্চিতকরণের তথ্য দেওয়া হয়নি।
আরও পড়ুন:







