শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

কমিটি ছাড়াই দুই বছর, ইতালি বিএনপিতে বাড়ছে বিভক্তি

সজীব আহমেদ রিওন,ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৫:৪৬

শেয়ার

কমিটি ছাড়াই দুই বছর, ইতালি বিএনপিতে বাড়ছে বিভক্তি
ছবি: বাংলা এডিশন

ইতালিতে বিএনপির রাজনীতিতে আবারও প্রকাশ্যে এসেছে বিভক্তির চিত্র। জাতীয় পর্যায়ের কর্মসূচি সম্মিলিতভাবে আয়োজনের কথা থাকলেও এরই মধ্যে পৃথক অবস্থানে চলে গেছেন দলটির নেতাকর্মীদের একটি অংশ। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের নেতৃত্বে একটি পক্ষ এবং সাবেক সাধারণ সম্পাদক ডালি নাউদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের নেতৃত্বে আরেকটি পক্ষ পৃথকভাবে সক্রিয় হয়ে উঠেছে। এতে প্রবাসে বিএনপির সাংগঠনিক ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

দীর্ঘ প্রায় দুই বছর ধরে ইতালি বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। কমিটিবিহীন অবস্থায়ই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় পার করেছে সংগঠনটি। এরই মধ্যে সাংগঠনিক নেতৃত্ব ও সমন্বয়ের অভাবে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির পক্ষে প্রত্যাশিত প্রচার-প্রচারণা ও সমর্থন সংগঠিত করা সম্ভব হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীদের একাংশ। বিশেষ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে প্রবাসীদের সমর্থন দলের পক্ষে সমন্বিতভাবে কাজে লাগানোর ক্ষেত্রে ঘাটতি ছিল বলে তাঁদের অভিযোগ।

এদিকে ইতালি বিএনপির দুই পক্ষের বিরুদ্ধেই সুবিধাভোগী এবং অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দলে ভেড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও অসন্তোষ রয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, রাজনৈতিক আদর্শ ও অতীত ভূমিকা যাচাই না করে কেন বিতর্কিত ব্যক্তিদের সংগঠনে জায়গা দেয়া হচ্ছে?

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট দুই পক্ষের নেতারা। বাংলা এডিশনের সঙ্গে কথা হলে তাঁরা জানান, কোনো সুবিধাভোগী বা বিতর্কিত ব্যক্তিকে তাঁরা দলে জায়গা দেননি।

অন্যদিকে, দীর্ঘদিনেও কেন ইতালি বিএনপির কমিটি গঠন করা হচ্ছে না, তা নিয়ে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাঁদের অনেকেই এ পরিস্থিতির জন্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ভূমিকা এবং কমিটি গঠনে দীর্ঘসূত্রতার সমালোচনা করছেন। তাঁদের প্রশ্ন, কী কারণে বারবার কমিটি গঠনের বিষয়টি পিছিয়ে যাচ্ছে এবং এর নেপথ্যে কোনো অদৃশ্য বাধা রয়েছে কি না?

প্রবাসী বাংলাদেশিদের রাজনীতি নিয়ে ইতালিতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে,বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও আধিপত্য বিস্তারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। তাঁদের মতে, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তিকে কেন্দ্র করে সংঘাত, মারামারি ও হানাহানির ঘটনা ঘটেছে, যা ইতালিতে বসবাসরত পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব ঘটনা ইতালীয়দের কাছেও বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে বলে মনে করছেন অনেকে। ফলে ইতালির মাটিতে প্রবাসীদের রাজনৈতিক বিভক্তিকে অনেক ইতালীয় ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক মতপার্থক্য যদি সংঘাতের দিকে গড়ায়, তাহলে এর নেতিবাচক প্রভাব শুধু রাজনৈতিক সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক বাংলাদেশি কমিউনিটির সুনাম ও সামাজিক অবস্থানেও পড়বে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসে একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নিয়মিত নেতৃত্ব ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন কমিটি না থাকলে নেতাকর্মীদের মধ্যে বিভক্তি, নেতৃত্বের দ্বন্দ্ব এবং সাংগঠনিক স্থবিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সব মিলিয়ে ইতালি বিএনপির বর্তমান পরিস্থিতিতে সামনে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দীর্ঘদিনের কমিটি সংকটের অবসান কবে হবে? দুই পক্ষের মধ্যে সমন্বয় ফিরবে কীভাবে? নাকি এই বিভক্তি আরও বিস্তৃত হবে? কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং নতুন কমিটি গঠনের মধ্য দিয়েই এসব প্রশ্নের উত্তর খুঁজছেন ইতালিতে বসবাসরত বিএনপির নেতাকর্মীরা।