শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১৫:৪৫

শেয়ার

দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
ছবি সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় দুই স্ত্রীকে হত্যার পর পাশের সিমডেগা জেলার জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের মা-বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিষয় নিয়ে দুই জা-এর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া ও বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই ভাই হলেন শিব শঙ্কর সাহু ও নবীন সাহু। তাঁদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যান জঙ্গলে

পুলিশের তথ্য অনুযায়ী, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর ও তাঁর ভাই নবীন গত সোমবার (২৩ নভেম্বর) নিজেদের স্ত্রীদের হত্যা করেন। পরে শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে পুঁতে রাখেন।

গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা বার্তা সংস্থা পিটিআইকে জানান, দুই নারীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগে দুই নারীর মধ্যকার বিরোধের অবসান হয়েছিল।

স্ত্রীরা নিখোঁজ, পরে হত্যার স্বীকারোক্তি

পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুই ভাই প্রথমে পুলিশকে বলেন, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সিমডেগা জেলার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনার দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন। সে সময় তাঁদের কথাবার্তায় অস্বাভাবিক কিছু বুঝতে পারেননি পরিবারের সদস্যরা।

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।