শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল শত শত ফ্লাইট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৬

শেয়ার

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল শত শত ফ্লাইট
ছবি সংগৃহীত

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের কারণে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৯ লাখেরও বেশি গ্রাহক। এমন পরিস্থিতিতে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড।

বার্তা সংস্থা আনাদোলু, সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী নরইস্টার ঝড়। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দেশটির অন্যতম ব্যস্ত ছুটির সময়ে সড়ক ও আকাশপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

থ্যাংকসগিভিং উপলক্ষে যখন মানুষ ঐতিহ্যবাহী ভোজের প্রস্তুতি নিচ্ছিল, তখন বিদ্যুৎহীন হয়ে পড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের হিসাবে, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় ২ লাখ ৩০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। এ ছাড়া নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও মিসৌরিতেও এক লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই।

ভার্জিনিয়ায় ১ লাখ ৩৯ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও তার ছিঁড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিদ্যুৎ কোম্পানিগুলো কাজ করছে।

নিউ জার্সির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আটলান্টিক সিটি ইলেকট্রিক জানিয়েছে, কর্মীরা নিরাপদে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে পারলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সম্ভাব্য সময় সম্পর্কে হালনাগাদ তথ্য জানানো হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রবল বাতাস, বন্যা ও সড়ক বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে।

বাতিল ৪০০ ফ্লাইট, বিলম্ব দুই হাজারের বেশি

ঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, যুক্তরাষ্ট্রে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চলের।

প্রবল বাতাস ও অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় অনেক গাছ উপড়ে বিদ্যুতের তার ও বাড়িঘরের ওপর পড়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বন্যার খবরও পাওয়া গেছে। উপকূল থেকে দূরের এলাকাগুলোতেও ঝড়ের প্রভাব পড়েছে।

রাজধানী ওয়াশিংটনের আশপাশের মেরিল্যান্ড এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি শোধন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ কারণে প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে।

কর্মকর্তারা জরুরি প্রয়োজন ছাড়া সড়কে চলাচল না করার পরামর্শ দিয়েছেন। প্রবল বাতাসের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুও বন্ধ করে দেওয়া হয়েছে।

১০০ বছরের ইতিহাসে প্রথমবার পিছিয়ে প্যারেড

প্রতি বছর থ্যাংকসগিভিং উপলক্ষে নিউইয়র্কের ম্যানহাটনের প্রাণকেন্দ্র দিয়ে রঙিন বিশাল বেলুন নিয়ে আয়োজন করা হয় বিখ্যাত ম্যাসিস প্যারেড। তবে ঝড়ের কারণে অতিরিক্ত সতর্কতা হিসেবে এবারের আয়োজন পিছিয়ে আগামী শনিবার নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আয়োজকেরা।

প্রতি বছর এই প্যারেড দেখতে লাখ লাখ মানুষ জড়ো হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বাতিল হওয়া ছাড়া থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারে এই প্যারেড বন্ধ রাখার আর কোনো নজির নেই।

আয়োজকেরা ১৯৯৭ সালের একটি দুর্ঘটনার কথাও বিবেচনায় রেখেছেন। সে বছর ঝোড়ো বাতাসে ১৮ ফুট উঁচু ক্যাট ইন দ্য হ্যাট চরিত্রের একটি বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির ওপর পড়ে যায়। এতে একজন দর্শক জ্ঞান হারিয়েছিলেন।

ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেন, প্যারেড পিছিয়ে দেওয়ায় তারা ভীষণ হতাশ। তবে সহযোগী, অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা সব সময় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

ঝড়ের আশঙ্কায় গত বুধবার নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেন অঙ্গরাজ্যটির গভর্নর মিকি শেরিল। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বাসিন্দাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি চার্জ দিয়ে রাখা, বিদ্যুৎ বিভ্রাটের খবর সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানানো এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দূরে থাকার পরামর্শ দেন।

এদিকে ঝড়ের মধ্যেও অনেকে নিজেদের মতো করে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করেছেন। ঐতিহ্য অনুযায়ী, এ উৎসবে পরিবারের সদস্যরা একসঙ্গে বড় ভোজে অংশ নেন। খাবারের প্রধান আকর্ষণ থাকে টার্কি।

খ্যাতনামা শেফ হোসে আন্দ্রেস এক্সে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে মোমবাতির আলোয় সাজানো খাবারের টেবিল এবং গ্যাসের চুলায় রান্না করা গলদা চিংড়ি দেখা যায়। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, বিদ্যুৎ নেই? কোনো সমস্যা নেই।

ক্যালিফোর্নিয়াতেও বৈরী আবহাওয়া

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়ের পাশাপাশি চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়াতেও বৈরী আবহাওয়া দেখা গেছে। সেখানে বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়েছে। কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সান ফ্রান্সিসকোতেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু করতে কিছুটা সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। বিশেষ করে ভার্জিনিয়ার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।