শুক্রবার

২৭ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ০৭:৫৫

শেয়ার

যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার এইচ-১বি ভিসাধারী ও গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীকে দেশ ছাড়ার অথবা অন্য দেশে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিতে বলেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে নতুন করে কর্মভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্তের কারণে এসব কর্মী অনিশ্চয়তায় পড়েছেন।

তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে

আইবিএমের কনসাল্টিং বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন। এই বিভাগের এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীরা সিদ্ধান্তটির কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন। বিশেষ করে হাজার হাজার ভারতীয় প্রযুক্তি পেশাজীবী অনিশ্চয়তার মুখে পড়েছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রভাবিত কর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করে ভিসা স্পন্সরশিপ পাওয়ার সুযোগ না থাকলে অন্য দেশে বদলি হয়ে কাজ করার সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

যারা অন্য দেশে স্থানান্তরিত হতে রাজি হবেন না, তাদের ৩১ ডিসেম্বর হবে শেষ কর্মদিবস। এ ক্ষেত্রে তাদের তিন মাসের সেভারেন্স প্যাকেজ বা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

আইবিএমের ভাষ্য, ব্যবসায়িক প্রয়োজন, দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদার পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এতদিন যুক্তরাষ্ট্রের উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য এইচ-১বি ভিসা ব্যবস্থার সুযোগ নেওয়া হতো। তবে কয়েক বছর ধরে এ ধরনের কর্মীর চাহিদা কমছিল।

ওই কর্মকর্তা আরও জানান, দক্ষ কর্মীর সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের সব বিভাগের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কর্মভিত্তিক অভিবাসননীতি কঠোর করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের বিস্তারের প্রভাবেও প্রযুক্তি খাতের নিয়োগ ও ভিসা স্পন্সরশিপ নীতিতে পরিবর্তন আসছে।

মেডিকেয়ার সুবিধা হারাচ্ছেন প্রায় তিন লাখ অভিবাসী

এদিকে যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার স্বাস্থ্যসেবা সুবিধা বাতিল হতে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠিও পাঠানো হয়েছে। নতুন আইনের কারণে ২০২৭ সাল থেকে তারা এ সুবিধা হারাবেন।

অথচ তাদের অনেকেই বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচিতে কর ও অর্থ দিয়ে আসছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেয়ার সুবিধা হারানোর তালিকায় রয়েছেন বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসীরা। তাদের মধ্যে এমন ব্যক্তিও আছেন, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং যাদের কিডনি রোগ শেষ পর্যায়ে পৌঁছেছে।

এ তালিকায় শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিরাও রয়েছেন। তাদের অনেকেই মেডিকেয়ার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্ত পূরণ করেছেন।

সূত্র: সিএসবি নিউজ ও সিএনএন।